পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত হয়েছে ৫৬তম জশনে জুলুস। বুধবার সকাল থেকেই হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন এলাকা। ভোর থেকেই নগর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী মানুষ জড়ো হতে থাকেন ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢলে পরিণত হয় জনসমুদ্রে।
বুধবার ( ২৬ আগস্ট) সকাল ১০টায় ষোলশহর জামেয়া মাদ্রাসা মাঠ থেকে জশনে জুলুস শুরু হয়। পরে এটি বিবিরহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি, ওয়াসা মোড়, লালখান বাজার ও টাইগার পাস হয়ে পুনরায় একই পথে মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জুলুসে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জশনে জুলুসে নেতৃত্ব দেন আওলাদে রাসুল (দ.) সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিন আহমদ শাহ।
আয়োজকরা জানান, ১৯৭৪ সালে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) চট্টগ্রামে জশনে জুলুসের প্রবর্তন করেন। এরপর থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ছিল এর ৫৬তম আসর।
জুলুসে অংশ নিতে কেউ হেঁটে, আবার কেউ ট্রাক ও পিকআপে করে বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসা মাঠে আসেন। নগরের বিভিন্ন সড়ক ও মোড়ে জুলুসে অংশ নেওয়া মানুষের জন্য পানি, শরবত ও শুকনা খাবার বিতরণ করা হয়। জশনে জুলুসকে ঘিরে এক মাস ধরে নগরের বিভিন্ন এলাকা পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পীর আল্লামা সাবির শাহ বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)-এর আগমনে আনন্দ প্রকাশ করা কোরআন ও হাদিস দ্বারা স্বীকৃত। তিনি বলেন, আল্লাহর নেয়ামত প্রাপ্তিতে আনন্দ ও ঈদ উদযাপনের নির্দেশ রয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (দ.) সমগ্র সৃষ্টির জন্য নেয়ামত। জশনে জুলুস এমন একটি কর্মসূচি, যেখানে শরিয়তবিরোধী কোনো কাজ হয় না; বরং কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (দ.) পাঠ ও রাসুলের সীরাত আলোচনা করা হয়।
জুলুসকে কেন্দ্র করে নগর পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন সড়কে বিকল্প ব্যবস্থা ও ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি আলহাজ শামসুদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মাহমুদ নেওয়াজ, মহিউদ্দিন খোকনসহ গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##
চট্টগ্রামে জশনে জুলুসে জনসমুদ্র, হামদ-নাত ও জিকিরে মুখর নগর
By
চট্টগ্রাম প্রতিনিধি
August 26, 2026
পাঠক সংখ্যা১৪