জশনে জুলুছ উপলক্ষে সংবাদ সম্মেলন

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৫৫তম জশনে জুলুছ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জশনে জুলুছের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা ও নিরাপত্তা এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর লালাখান বাজারস্হ একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে
লিখিত বক্তব্য পাঠ করেন, আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, স্বাগত বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সিনিয়র বাইস প্রেসিডেন্ট আলহাজ মনজুর আলম।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)—প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমনের ঐতিহাসিক ও পবিত্র দিবস। এ দিবসকে সর্বোচ্চ বর্ণাঢ্যতায় উদযাপনের অংশ হিসেবে আওলাদে রাসূল আল্লামা হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) ১৯৭৪ সাল থেকে ‘জশনে জুলুছ’ নামে বর্ণাঢ্য শোভাযাত্রার প্রবর্তন করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৬ আগস্ট, ১২ রবিউল আউয়াল বুধবার আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৫৫তম জশনে জুলুছ অনুষ্ঠিত হবে। এ জুলুছ ইতোমধ্যে বিশ্বের মুসলমানদের কাছে অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় ধর্মীয় শোভাযাত্রা হিসেবে পরিচিতি পেয়েছে। বিগত বছরগুলোতে এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেছেন।
জশনে জুলুছের নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের অন্যতম সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তাঁর সঙ্গে থাকবেন দরবারের সাহেবজাদা হযরত সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ এবং সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এবারের জশনে জুলুছও বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হবে। একই সঙ্গে জুলুছের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসন এবং নির্ধারিত স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অনুসরণ করার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলুছে ড্রামসেট প্রবেশ, নারীদের অংশগ্রহণ এবং খাদ্যদ্রব্য নিক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জুলুছের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়ম-কানুন মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ এ ধর্মীয় র‍্যালি ও সমাবেশ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জশনে জুলুছের সফলতা, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, গণমাধ্যম, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসল্লিদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের,  ফিন্যান্স সেক্টর কামরুদ্দিন সবুর, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন, কেবিনেট সদস্য মোহাম্মদ হোসেন খোকন, পেয়ার মোহাম্মদ কমিশনার, মাহমুদ নেওয়াজ, শাহজাদ ইবনে দিদার, আনজুমান মুখপাত্র এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার,  আবদুল হাই মাসুম, আনোয়ারুল হক, প্রফেসর ড. কামাল উদ্দিন,  মিডিয়া ডেস্ক এর যুগ্ম আহবায়ক আবু তালেব বেলাল ও সদস্য আবু নাছের মোহাম্মদ তৈয়ব আলী প্রমূখ।

পাঠক সংখ্যা৮