দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ গ্রহণ করে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। তবে এখনই সরকারের কার্যক্রমকে ‘জিরো টলারেন্স’ বলা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফেনীর পরশুরামে মুহুরী ব্রিজ সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পানি সম্পদ মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে দুর্নীতি ও দুঃশাসনের একটি ধারা তৈরি হয়েছিল। জনগণ তাদের নির্বাচিত করেছে এবং দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছেন তারা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে। তবে এ পর্যায়েই এটিকে ‘জিরো টলারেন্স’ বলা যাবে না।
তিনি বলেন, প্রতি বর্ষায় ফেনীর এ অঞ্চলের মানুষ বন্যায় ব্যাপক ক্ষতির শিকার হন। মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়েছে। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে ১ হাজার ৫৪৩ কোটি টাকার একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী জানান, প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। চলতি বছরই প্রকল্পের কাজ শুরু হবে এবং ২০৩০ সালের মধ্যে তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের প্রত্যাশিত প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বন্যার দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ্যানি আরও জানান, আগামী মাসে প্রধানমন্ত্রী এ এলাকায় সফরে আসবেন।
ভারতের উজান থেকে প্রতি বর্ষায় পানি ছেড়ে দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী বলেন, বন্ধুপ্রতীম দেশ হিসেবে ভারত আগ্রাসী মানসিকতা থেকে দূরে থাকবে বলে তারা আশা করেন।
বাঁধ পরিদর্শনকালে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।