পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়িতে এলাকার শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, হেডম্যান, কারবারি ও যুব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিলাইছড়ি জোনের উদ্যোগে দিঘলছড়ি আর্মি ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও যুব নেতৃবৃন্দসহ মোট ১০৫ জন অংশ নেন।
সভায় বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি, এলাকার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। আসন্ন দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জোন কমান্ডার বলেন, এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীল আচরণ ও শান্তিপূর্ণ সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো পরিস্থিতিতে সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে স্থানীয় নেতৃবৃন্দ ও যুবসমাজকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। জোন কমান্ডার তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।
সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং জনসম্পৃক্ততামূলক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি এলাকার শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিলাইছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও যুবসমাজের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে এলাকায় শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিলাইছড়িতে শান্তি-সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর মতবিনিময় সভা
By
রাঙ্গামাটি প্রতিনিধি
October 14, 2026
পাঠক সংখ্যা৪১