পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বিক সাংবিধানিক অধিকার রক্ষা, স্বীকৃতি, দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত তিন উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য এবং পার্বত্য অঞ্চলের বিশিষ্ট সামাজিক সংগঠক মো. হাবীব আজম।
এক বিশেষ বিবৃতিতে তিনি এ উদ্যোগকে স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পার্বত্য চট্টগ্রামের শান্তি, প্রগতি ও নিরাপত্তার স্বার্থে একটি “যুগান্তকারী ও মানবিক অধ্যায়” হিসেবে বর্ণনা করেন।
সম্প্রতি সরকার থেকে গেজেট আকারে প্রকাশিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিনটি কমিটি হলো:
১. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি
২. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি
৩. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি
এই ঐতিহাসিক ও সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারের মাননীয় সফল ও মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সংশ্লিষ্ট সকলকে পার্বত্যবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান তিনি।
বিবৃতিতে মো. হাবীব আজম প্রকাশ করেন যে, পাহাড়ে দীর্ঘদিনের সংঘাত ও বৈষম্যের অবসান ঘটিয়ে প্রগতির আলো ছড়াতে এই বিশেষ কমিটিগুলো নিরলসভাবে কাজ করবে বলে সকল পার্বত্যবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করে। মহান সৃষ্টিকর্তার নিকট সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তিনি প্রার্থনা করেন, সংশ্লিষ্ট সবাই যেন সাহসিকতার সাথে এই মহৎ দায়িত্বগুলো সম্পন্ন করে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তির মূল লক্ষ্যে পৌঁছাতে পারেন।