পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে বাপার ১২ দফা সুপারিশ

নিজস্ব প্রতিবেদক।। দেশের অগ্রাধিকারভিত্তিক পরিবেশগত সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপির কাছে ১২ দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাপার নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব সুপারিশ তুলে ধরা হয়। এ সময় দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং পরিবেশ সুরক্ষায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাপার সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বাপার সহসভাপতি মানবাধিকারকর্মী জাকির হোসেন, নির্বাহী কমিটির সদস্য নগরবিদ-স্থপতি ইকবাল হাবিব, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, কোষাধ্যক্ষ মো. আমিনুর রসুল, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মৃধা বেনু, হুমায়ুন কবির সুমন ও করিম উল্লাহ কলিম, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট পারবীন আক্তার ও গাউস পিয়ারী।
সভায় বাপার সভাপতি প্রথমে প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং দেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি তুলে ধরেন।
আলোচনায় নদী ও অন্যান্য ভূপৃষ্ঠস্থ জলাশয় রক্ষা, জ্বালানি ও পরিবেশ সুরক্ষা, ভূগর্ভস্থ পানির দূষণ ও আর্সেনিক বিষাক্ততা প্রতিরোধ, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্লাস্টিক-পলিথিন দূষণ রোধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সুন্দরবন, পাহাড় ও আদিবাসী অধিকার সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই কৃষি, প্রাকৃতিক সম্পদ রক্ষা, বিপজ্জনক রাসায়নিক দূষণ প্রতিরোধ, অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত সংকট মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ঢাকা মহানগরের পরিবেশগত সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময়কালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘বাপা দেশের সবচেয়ে বড় ও সুনামধন্য পরিবেশবাদী সংগঠন। দেশের সার্বিক পরিবেশ রক্ষায় বাপা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমরা বাপাকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
তিনি পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বাপার অভিজ্ঞতা ও সুপারিশকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।
সভা শেষে বাপার পক্ষ থেকে প্রতিমন্ত্রীর হাতে সংগঠনটির বিভিন্ন প্রকাশনা তুলে দেওয়া হয়।

পাঠক সংখ্যা৪১